← সকল সংবাদে ফিরে যান

মধুখালীতে তিন দিনের ব্যবধানে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

📅 2026-06-19📂 দাঙ্গা📍 ঢাকা🏷️ মধুখালী, ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলায় তিন দিনের ব্যবধানে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুন্দী সার্বজনীন কালী মন্দিরের একটি শিব প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর আগে গত সোমবার দিবাগত রাতে এই মন্দির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত বামুন্দী বাজার কালী মন্দিরেও প্রতিমা ভাঙচুর করা হয়। বামুন্দী সার্বজনীন কালী মন্দিরের পূজারি বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পূজা দিতে গিয়ে তিনি দেখেন, মন্দিরের গ্রিলের ভেতর দিয়ে বাঁশ বা লাঠি ঢুকিয়ে আঘাত করে শিব প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। ঘটনাটি জানার পরপরই মন্দির কমিটির সভাপতি রঞ্জন সরকার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত সোমবার প্রথম ভাঙচুরের ঘটনার সময়ই মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায়কে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু ওসি ঘটনাটি চেপে যেতে এবং দ্রুত ভাঙা প্রতিমা বিসর্জন দেওয়ার পরামর্শ দেন। ওসির মৌখিক নির্দেশ পেয়ে বাজার কমিটির লোকজন গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমাটি বিসর্জন দিয়ে দেন। এলাকাবাসীর দাবি, প্রথম ঘটনার সময়ই পুলিশ শক্ত পদক্ষেপ নিলে দ্বিতীয়বার ঘটনার পুনরাবৃত্তি হতো না। তবে ঘটনা চেপে যাওয়ার অভিযোগ অস্বীকার করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, বাজার মন্দিরের ঘটনায় এখনও মামলা করার সুযোগ আছে। সর্বশেষ বামুন্দী সার্বজনীন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।