← সকল সংবাদে ফিরে যান
মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আলামত নষ্টে মোটরসাইকেলে আগুন
📅 2026-06-18📂 খুন📍 ঢাকা🏷️ লৌহজং, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁও গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর আলামত নষ্ট করতে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্বজনরা জানান, রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন সোহেল। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে স্ত্রী ও অন্য স্বজনরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় উঠানে সোহেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশেই তাঁর মোটরসাইকেলটি জ্বলছিল।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে সোহেলকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। মাদক বা ভাঙারি ব্যবসাকেন্দ্রিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।