← সকল সংবাদে ফিরে যান
কুষ্টিয়ায় পৌর ভবনের ভেতরে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
📅 2026-06-17📂 হত্যাচেষ্টা📍 খুলনা🏷️ কুমারখালী, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কার্যালয়ের ভেতরে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত শফিকুল কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক কাউন্সিলর এস এম রফিকের ছোট ভাই।
আহত শফিকুল ও তার মায়ের অভিযোগ, সকালে পৌরসভার সামনে স্থানীয় বাসিন্দা নয়ন, তার ছেলে আফ্রিদিসহ ৭-৮ জনের একটি দল হঠাৎ শফিকুলের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে শফিকুল দৌড়ে পৌর ভবনের ভেতরে ঢুকে পড়লে সেখানেও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর পৌরসভা চত্বর ও প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সামনে রক্তের দাগ দেখা যায়। এই ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে অভিযুক্ত নয়ন হোসেন এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শফিকুল অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ। তাকে হয়তো বিক্ষুব্ধ জনতা মারধর করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।