← সকল সংবাদে ফিরে যান
রাজবাড়ীতে জামায়াত কর্মী আসাদুলকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩
📅 2026-06-17📂 খুন📍 ঢাকা🏷️ কালুখালী, রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের একটি পাটখেত থেকে সোমবার সকালে আসাদুল ইসলাম (২২) নামের এক তরুণের হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসাদুল বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং জামায়াতে ইসলামীর মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা শাহজাহান মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদাপুর গ্রামের মো. মিজান শেখ (২৪), তাঁর খালু আনোয়ার মণ্ডল (৪০) এবং আবদুল করিম মোল্লা (৩৫)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, লোহার রড ও রক্তমাখা হেলমেট আলামত হিসেবে জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের তদন্ত ও আসামিদের জবানবন্দি থেকে জানা গেছে, অভাবের কারণে পড়াশোনার পাশাপাশি আসাদুল একটি কোম্পানিতে চাকরি করতেন। সেই সূত্রে পূর্বপরিচিত মিজান শেখের কাছ থেকে তিনি ৬৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। পরে টাকা উদ্ধারের জন্য মিজান কয়েকজন পেশাদার সন্ত্রাসী ভাড়া করেন।
পরিকল্পনা অনুযায়ী, গত রবিবার রাতে আসাদুলকে কৌশলে নির্জন এলাকায় ডেকে নিয়ে টাকা আদায়ের জন্য মারধর ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে ভাড়াটে সন্ত্রাসীরা তাঁকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যার আলামত নষ্ট করতে মোটরসাইকেল থেকে পেট্রল নিয়ে আসাদুলের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন মারধরের পরিকল্পনায় যুক্ত থাকলেও সরাসরি হত্যাকাণ্ডে ৭-৮ জন জড়িত ছিল।
এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে আসাদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে অপরাধ স্বীকার করেছে এবং ঘটনার সাথে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।