← সকল সংবাদে ফিরে যান
কোম্পানীগঞ্জে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত অস্ত্রধারী যুবক তারেক আটক
📅 2026-06-16📂 ধর্ষণ📍 চট্টগ্রাম🏷️ কোম্পানীগঞ্জ, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরের টিন কেটে ভেতরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক তারেক একই উপজেলার আলমগীর সওদাগরের ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রবল বৃষ্টির সময় তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। ঘরে কোনো টাকা-পয়সা বা মূল্যবান সামগ্রী না পেয়ে, যাওয়ার সময় সে গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর ৯ বছর বয়সী সন্তানের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তারেক পালিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক একজন পেশাগত চোর এবং এর আগেও সে ওই গ্রামের একাধিক নারীকে নির্যাতন করেছে। লোকলজ্জার ভয়ে ইতিপূর্বে অনেকেই এসব তথ্য প্রকাশ করেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ধর্ষণের এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেছে। তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।