← সকল সংবাদে ফিরে যান

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

📅 2026-06-15📂 ধর্ষণ📍 রাজশাহী🏷️ সাথিয়া, পাবনা
পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার
পাবনার সাঁথিয়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩৫) নামের এক ওয়ার্ড যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাঁথিয়া উপজেলার একটি ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি। আতাইকুলা থানা সূত্রে জানা যায়, গত ১১ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবুল কাশেম। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে তিনি আত্মগোপনে চলে যান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ভোরে অভিযান চালিয়ে শাহজাদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, অসামাজিক কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কাশেমকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে ইউনিয়ন যুবদল। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।