← সকল সংবাদে ফিরে যান
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী রিমন!
📅 2026-06-15📂 খুন📍 চট্টগ্রাম🏷️ আনোয়ারা চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ সময় মাথায় গুরুতর জখম হওয়া তাদের ৫ বছরের শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়া রিমন, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে রিমন নিহত স্কুলছাত্রী প্রিয়ন্তিকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার এতে রাজি না হওয়ায় ক্ষোভ এবং আর্থিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় গৃহকর্তা সুজন বড়ুয়া কর্মস্থল চট্টগ্রামে ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম জানান, পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রথমে মেয়েকে এবং পরে তাকে বাঁচাতে আসা মাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানিয়েছেন, জোড়া খুনের ঘটনায় জড়িত হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারের স্বার্থে এখনই নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।