← সকল সংবাদে ফিরে যান
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের মহোৎসব চলছে: লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান
📅 2026-06-07📂 অন্যান্য📍 ঢাকা
ভারতে ধর্মনিরপেক্ষতার মুখোশে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শুক্রবার নয়াপল্টন কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ইরান অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সংঘাত ও প্রতিহিংসার রাজনীতির কারণে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মদদে বিজেপির সশস্ত্র সন্ত্রাসীরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা, ঘরবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট এবং মসজিদ-মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মহোৎসব চালাচ্ছে। এছাড়া মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে কোরবানির প্রাক্কালে পশ্চিমবঙ্গে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে। এই দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের স্মৃতিচারণ করে তিনি বলেন, মাওলানা মতীন আমৃত্যু দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।