← সকল সংবাদে ফিরে যান

বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

📅 2026-06-14📂 অন্যান্য📍 ঢাকা🏷️ বছিলা, কেরানীগঞ্জ
রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা নদীর সেতুর নিচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার রাত ৯টার দিকে নিহত শিক্ষার্থীর বন্ধু ও পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। এর আগে বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ ও জাবির একটি পরিচয়পত্র উদ্ধারের তথ্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মরদেহটি আনুমানিক দুই-তিন দিন আগের এবং বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা যাচ্ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।